ডিসেম্বরে লিগ, আগস্টে দলবদল
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। সেটিকে এগিয়ে এনে ৩১ জুলাইয়ের মধ্যে লিগ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে লিগ কমিটির সঙ্গে কথা বলে। তবে আগামী আগস্টেই ফুটবলের নতুন মৌসুম শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রিমিয়ার লিগের দলবদল আগামী ১৬ আগস্ট হতে ১৫ সেপ্টেম্বর। ফেডারেশন কাপ ফুটবল শুরু হবে ২১ অক্টোবর এবং প্রিমিয়ার ফুটবল লিগ ডিসেম্বরে শুরু করতে চায় ফেডারেশন। গতকাল সন্ধ্যায় বাফুফের নির্বাহী কমিটির সভায় প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনায় এসব প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
একটি লিগ শেষ হওয়ার ১৫ দিন পরই আরেকটি মৌসুম শুরু করতে ক্লাবগুলো পারবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। সংবাদ সম্মেলনে সালামের পাশে ছিলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘দলবদল, ফেডকাপ, লিগ শুরু করার ব্যপারে যে কথাগুলো এখানে বলা হয়েছে সেটা সম্ভাব্য। আমরা একটি পরিকল্পনা করে এগিয়ে যেতে চাই। সময়ের পরিবর্তন হতেই পারে। এখনো আলোচনার বিষয় রয়েছে।’ সালাম বলেন, ‘ক্লাবগুলোর সহযোগিতার কারণেই আমরা লিগ চালিয়ে যেতে পারছি। আশা করি, তাদের সহযোগিতা পাবো।’
নতুন মৌসুম নিয়ে কথাগুলো বাফুফে যেভাবেই বলুক না কেন, ক্লাবগুলোকে অর্থ সংগ্রহ করেই দল গঠন করতে হয়। নাবিল যুক্তি দিলেন আন্তর্জাতিক সময়ের সঙ্গে সমন্বয় রেখে দেশের ফুটবল মৌসুম পরিচালনা করতে চান। জাতীয় ফুটবল দল নিয়েও কালকের সভায় কথা হয়েছে।
কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। সামনে গ্রুপ পর্বের খেলা রয়েছে। ৮টি ম্যাচ পাবে বাংলাদেশ। জুলাইয়ে ড্র হবে এএফসিতে। ড্রয়ের পর জানা যাবে প্রতিপক্ষ। নাবিল জানিয়েছেন আগামী ১০ দিনের মধ্যে তারা একটি সভা করে পরিবর্তী পরিকল্পনা নির্ধারণ করবেন।
