স্পোর্টস ডেস্ক
উরুগুয়েকে কোপা আমেরিকায় ২-২ গোলে রুখে দিয়েছে এশীয় দল জাপান। এই ড্রকে অবশ্য ফরোয়ার্ড লুই সুয়ারেজ দেখছেন ‘অম্লমধুর অভিজ্ঞতা’ হিসেবেই।
পোর্তো অ্যালেগ্রের গতকাল শুক্রবার ‘সি’ গ্রুপের খেলাটিতে ২৫তম মিনিটে কোজি মিয়োশির গোলে এগিয়ে যায় জাপান। এর সাত মিনিট পর বিতর্কিত এক পেনাল্টিতে সুয়ারেজ গোল করলে সমতায় ফেরে কোপা আমেরিকার সর্বোচ্চবারের শিরোপাজয়ীরা। বিরতির পর মিয়োশি আবারও গোলে করে প্রতিযোগিতার অতিথি দলটিকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে উরুগুয়েকে সমতায় ফেরান ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ। ফলে ড্রতেই বাধ্য হতে হয় কোচ অস্কার তাবারেজের শিষ্যদের।
তবে সমতায় ফেরার পর ফরোয়ার্ড এডিনসন কাভানির দুটো শট গোলপোস্টে আঘাত না হানলে ম্যাচের ফলাফলটা অন্যরকমও হতে পারত। তাই সুয়ারেজের কণ্ঠে ঝরে পড়ল কিছুটা আক্ষেপও, ‘খেলায় সবচেয়ে বেশি পরিষ্কার সুযোগ সৃষ্টি করা দলটা আমরাই ছিলাম। এ কারণে এই ম্যাচটা অম্লমধুর অনুভূতি নিয়েই শেষ করেছি।’
তবে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই জানালেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে রক্ষণাত্মকভাবে সামনের ম্যাচে দলে আরো সতর্কতা আশা করলেন তিনি। সুয়ারেজের ভাষায়, ‘খোলা চোখে দেখলে আমরা ভালো একটা ম্যাচই খেলেছি। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় দুটো ভুল করলেই প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়ে দিতে পারে। এর ফলাফল ভোগ করতে হতে পারে আমাদের। আর তাই আমাদের আরো সতর্ক হতে হবে। ভুলগুলোকে শুধরে নিয়ে ইতিবাচক দিকগুলোর প্রশংসা করতে হবে আমাদের।’
