বন্ধু শচীন টেন্ডুলকারের ছেলেকে নিয়ে যা বললেন শাহরুখ খান!

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৭:৩০

মুম্বাইয়ের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। রবিবার (১৬ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামেন তিনি। বাবা ব্যাটিংয়ে রাজত্ব করলেও অর্জুন অবশ্য বোলার। কলকাতার বিপক্ষে এদিনে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন। অভিষেকে অর্জুনের পারফরম্যান্সে গর্বিত দিদি সারা ও বাবা শচীন টেন্ডুলকার।

বন্ধু শচীন টেন্ডুলকারের ছেলের আইপিএল অভিষেকে গর্বিত বলিউড তারকা শাহরুখ খানও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

অভিনেতা লেখেন, ‘এই আইপিএল প্রতিযোগিতামূলক। কিন্তু যখন আপনি বন্ধুর ছেলে অর্জুন টেন্ডুলকারকে মাঠে নামতে দেখেন, জিনিসটা ততটাই বেশি আনন্দের। মনটা খুশিতে ভরে গিয়েছে। অর্জুনকে শুভেচ্ছা। শচীন টেন্ডুলকারের দারুণ গর্বের মুহূর্ত। দুর্দান্ত!’

 শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

এদিন কেকেআরের বিপক্ষে দলের হয়ে বল করার সুযোগ পেয়েছিলেন অর্জুন টেন্ডুলকার। তবে অভিষেকে ছাপ রাখতে পারেননি অর্জুন। ২ ওভার বল করে ১৭ রান দিয়েছেন তিনি। কোনও উইকেট তুলতে পারেননি। কেকেআর-এর ইনিংসের প্রথম ওভারেই অর্জুন বল করেছেন।

বিগত কয়েক বছর ধরেই রোহিত শিবিরের পরিচিত মুখ ছিলেন অর্জুন টেন্ডুলকার। নেটে বোলিং করার পাশাপাশি ডাগ আউটেও দেখা যেত তাকে। চলতি বছরের শুরু থেকেই অর্জুনের অভিষেকের একটা সম্ভবনা তৈরি হয়েছিল। এবার যে শুধু তাকে নেটে বোলিং করানো হবে না, দলেও সুযোগ দেওয়া হবে, তার আভাস দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর অর্জুনের অভিষেক হয় কলকাতার বিরুদ্ধে।

জসপ্রীত বুমরাহ আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তার ওপর জোফ্রা আর্চার চোটের জন্য খেলতে পারছেন না। এ দিন দুপুরে আর্শাদ খানের জায়গায় অর্জুনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বই টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই ভাগ্যের শিকে ছিঁড়ল অর্জুনের।

শাহরুখ খান আগাগোড়াই তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে আসেন। কেকেআরের বিরুদ্ধে অর্জুন খেললেও বন্ধুর ছেলের জন্য গর্বিত শাহরুখ। 

ইত্তেফাক/বিএএফ