আন্তর্জাতিক ক্রিকেটে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে বিধিনিষেধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি।
ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানায়, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলোয়াড়দের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। তবে এই অনুমতি দেওয়া হচ্ছে কেবল দ্বিপক্ষীয় সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি।
বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য নভেম্বরে প্রস্তাব দেওয়া হয় আইসিসিকে। তবে তা প্রত্যাখ্যান করেছিল আইসিসি। তবে মার্চে দুবাইয়ে হওয়া বৈঠকে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি। আইসিসি অনুমতি দিলেও জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
