কুমিল্লায় বুড়িচংয়ে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ময়নামতি টিপরাবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে আবদুল বাতেন (৩৭) এবং তার বন্ধু স্থানীয় একটি অটোব্রিকসের ম্যানেজার জেলার বরুড়া উপজেলার মিজানুর রহমান (৩৬)।
জানা যায়, বাতেন ও মিজান নামের দুই বন্ধু মোটরসাইকেলে করে ময়নামতি ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। টিপরাবাজার এলাকায় আসলে নিউ জনতা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে তারা দু’জন বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে বাসটি আটক করে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
