বিনোদন রিপোর্ট
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। আধুনিক যোগাযোগের এই সময়ে সবাই একসাথে হওয়ার আয়োজন কমেছে। একই অঙ্গনে কাজ করলেও আড্ডা দেওয়ার সময়টাই যেন হয় না। তাই মিলনমেলার দিনগুলো আরো আনন্দের। গতকাল অভিনয়শিল্পী সংঘের নির্বাচনেও এমনই পরিবেশ দেখা যায়। নির্বাচনের মাঝেই একসাথে আড্ডা ও ছবি তোলার মধ্য দিয়ে সময় পার করেন শিল্পীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা যেন শুধুমাত্র একটি সিস্টেমের গণ্ডিতেই আটকা। কাজের ক্ষেত্রে সবাই একসাথে এগিয়ে যাওয়ার কথা বলছেন। ভোট প্রাঙ্গণেও সবার একাত্মতায় সেটার বহিঃপ্রকাশ দেখা যায়।
উত্সবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তারকারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা ফলাফল প্রসঙ্গে জানা যায় সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আহসান হাবিব নাসিম।
এমনটাই নিশ্চিত করেছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার মাসুম আজিজ। নির্বাচনের আগের দিন নির্বাচন স্থগিতের গুঞ্জন শোনা যায়। এ প্রসঙ্গে মাসুম আজিজ বলেন, ‘দারুণ পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচন স্থগিতের সংবাদ অনেকে প্রকাশ করেছে। তবে বিষয়টি এমন ছিল না।’ ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ২১টি পদে লড়েছেন ৫১ জন শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬০০। এবার নির্বাচনে সভাপতি পদে লড়েছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। এবার সাধারণ সম্পাদক পদে লড়েছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।
ছবি: তন্ময় মির্জা
