‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব ২০১৯’

মঞ্চে ৭ দেশের নাটক

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৪৫

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব ২০১৯’। উত্সবে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুটি নাট্যদলসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

২০ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উত্সবের উদ্বোধন করা হয়।

উত্সবের দ্বিতীয় দিনে গতকাল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় ফ্রান্সের থিয়েটার দ্য ভিদে লুসান ও ইয়ং ভিক লন্ডনের নাটক ‘ও মাই সুইট ল্যান্ড’ এবং সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ভারতের কোরাস রেপার্টরি থিয়েটারের পরিবেশনায় নাটক ‘ম্যাকবেথ’। আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশের অন্বেষা থিয়েটারের নাটক ‘জয়তুন বিবির পালা’। নাট্যোেবর ৪র্থ দিন একই সময় ও স্থানে চীনের জোহো থিয়েটারের পরিবেশনায় নাটক ‘এফ সিকে’ মঞ্চস্থ হবে। উত্সবের ৫ম দিন একই সময় ও স্থানে মঞ্চস্থ হবে নেপালের মান্ডালা থিয়েটারের নাটক ‘ঝিয়ালিঞ্চা (ড্রাগনফ্লাই)’। ফেস্টিভ্যালের ৬ষ্ঠ দিন ২৫ একই সময় ও স্থানে মঞ্চায়ন হবে ভিয়েতনামের লে নক থিয়েটারের পরিবেশনায় ‘দ্য ওয়াইল্ডার্নেস’ অবলম্বনে নাটক ‘কিম তু’। আন্তর্জাতিক এ নাট্যোত্সবের শেষদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটারের পরিবেশনায় ‘লাইট পাপেট শো’।

সপ্তাহব্যাপী এ উত্সবে দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত নাটক মঞ্চায়নের পাশাপাশি থিয়েটার সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আন্তর্জাতিক, জাতীয় ও ব্রাত্যজনীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’। এছাড়া প্রতিদিন নাটকের মঞ্চায়ন শেষে মুক্ত আলোচনা ‘মিট দ্য ডিরেক্টর’ অনুষ্ঠিত হবে। উত্সব উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিষয়ভিত্তিক ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।