যে কারণে ছেলের খেলা দেখেননি টেন্ডুলকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১১:৩৭

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত পরশু আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছেলের অভিষেকের স্বাক্ষী হতে মাঠেই উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু ছেলের খেলা তিনি দেখেননি। ছেলে অর্জুন বল হাতে নেওয়ার পর বাবা টেন্ডুলকার ডাগআউট ছেড়ে ক্রিকেটারদের ড্রেসিংরুমের ভেতরে গিয়ে চুপচাপ বসে ছিলেন!

ছেলের অভিষেকের স্বাক্ষী হতে মাঠে এসেও কেন ছেলের খেলা দেখেননি টেন্ডুলকার? সাইডস্ক্রিনে স্কোরবোর্ডে তাকে দেখে ছেলে যাতে বাড়তি চাপে না পড়ে তাই! টেন্ডুলকার জানতেন, ছেলের বোলিংয়ের সময় তাকে বারবার সাইডস্ক্রিনে দেখানো হবে। আর তাকে দেখে অর্জুন চাপে পড়ে যেতে পারে। তাই ছেলে যাতে চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে নিজের সেরাটা ঢেলে দিতে পারে, সেজন্যই ম্যাচ শুরু হলে শচীন টেন্ডুলকার নিজেকে ক্যামেরার ফোকাসের আড়াল করার জন্য ড্রেসিংরুমের ভেতরে চলে যান। টেন্ডুলকার নিজেই এই কারণ জানিয়েছেন।

খেলোয়াড়ী জীবনে টেন্ডুলকার সারাজীবনই চাপের সঙ্গে লড়াই করেছেন। এখন দেখা যাচ্ছে, নিজের খেলার চেয়ে ছেলের খেলা নিয়ে আরো বেশি চাপে ভারতীয়দের ক্রিকেট দেবতা। ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় টেন্ডুলকার স্পষ্টই বলেছেন, তিনি কখনোই ছেলের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি, কখনো করবেনও না। ছেলের আইপিএল অভিষেকে রোমাঞ্চিত টেন্ডুলকার বলেছেন, ‘আজ আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হলো। নতুন একটা অভিজ্ঞতা। সত্যি বলতে আমি এর আগে কখনো অর্জুনের খেলা দেখতে যাইনি।’

কেন যাননি তার ব্যাখ্যায় বলেছেন, ‘আমি শুধু চেয়েছি, ও যা করতে চায় স্বাধীনভাবে করুক। স্বাধীনভাবে নিজের ইচ্ছা-আকাঙ্খা প্রকাশ করুক। আজও কিন্তু আমি মাঠে ছিলাম না। ড্রেসিংরুমে গিয়ে চুপ করে বসেছিলাম। আসলে আমি চাইনি অর্জুন নিজের লক্ষ্য থেকে সরে যাক। মাঠের বড় স্ক্রিনে আমাকে দেখলে ও মনে করতে পারত, আমি বুঝি ওর নজর রাখছি। তাই নিজেকে ভেতরে সরিয়ে নিয়েছিলাম।’

২০০৮ সালে এই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। ১৫ বছর পর সেই একই দলের হয়ে আইপিএল অভিষেক হলো তার ছেলের। তার মধ্যদিয়ে বাবা-ছেলের আইপিএল খেলার প্রথম অধ্যায়েরও রচনা হলো।

ইত্তেফাক/এসএস