মঙ্গলবার মুম্বাইয়ে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা। বিগত কয়েক মাস ধরেই মুম্বাইয়ের একটি নির্দিষ্ট স্থানে প্রস্তুতির তোরজোড় দেখতে পাচ্ছিলেন। কারণ অ্যাপলের প্রথম রিটেইল স্টোর গোছানোর কাজ শুরু হয়েছে। এই প্রথম ভারতের বাজারে অ্যাপলের কোনো রিটেইল স্টোরের উদ্বোধন ঘটবে। বান্দ্রার কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে অ্যাপলের রিটেইল স্টোর চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে অ্যাপলের সিইও টিম কুক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব রিটেইল দেইদের ব্রায়েন রিটেইল স্টোরটি সবার জন্য উন্মুক্ত করে দেন। বাইরে তখন লাখো লাখো ক্রেতার ভিড়। রিটেইল স্টোর থেকেই তারা ফোন কিনবেন। এখন থেকে সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই স্টোর খোলা থাকবে।
দুইতলাবিশিষ্ট রিটেইল স্টোরটির ছাদের দিকে ত্রিকোণাকার। মেঝেতে হাতে কাটা কাঠের টাইলস ব্যবহার করা হয়েছে। ৪০৮টি ভিন্ন টিম্বার থেকে টাইলসের পিস নেওয়া হয়েছে। ফলে টাইলসের মডিউলে ৩৪টি ভিন্ন ধরনের শেপ দেখা যাবে। পুরো স্টোরটিই আকর্ষণীয় করে সাজানো হয়েছে। এই স্টোরে ১০০ জন কর্মী নিযুক্ত রয়েছেন ও প্রায় ২০টি ভিন্ন ভাষায় যোগাযোগ করতে পারবে এমন দক্ষ লোকও নিয়োগ দেওয়া হয়েছে। বলা যায়, মুম্বাইয়ের টেক লাভারদের জন্য এক আনন্দময় দিন।
