অস্ট্রেলিয়ার সাড়ে ৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৪:০৭

১৬ বছরের কম বয়সীদের ওপর সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর অস্ট্রেলিয়ার ৭ লাখ ৫৬ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্কের অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আইনি পদক্ষেপ ও কঠোর ব্যবস্থার মুখেই প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নেওয়ার তথ্য প্রকাশ করেছে।

গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় থেকে জুন মাস পর্যন্ত মেটা সন্দেহভাজন ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে তুলে নেওয়া অ্যাকাউন্ট সংখ্যার তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে বেশি।

শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষার কথা বিবেচনা করে অস্ট্রেলিয়া সরকার গত বছরের ১০ ডিসেম্বর ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে এই ঐতিহাসিক নিষেধাজ্ঞা কার্যকর করে। 

সরকার এবং একাধিক গবেষণায় দেখা গেছে, আইন কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ৮০ শতাংশের বেশি অপ্রাপ্তবয়স্ক সামাজিক মাধ্যমে সক্রিয় ছিল, যার পর আইন অমান্য করার সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আইনটি পাসের তীব্র বিরোধিতা করলেও মেটা জানিয়েছে, তারা এটি মেনে চলতে বদ্ধপরিকর। অন্যদিকে কোনো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম যাতে ইচ্ছাকৃতভাবে আইনটিকে ব্যর্থ করতে না পারে, সেজন্য অনুসন্ধান জোরদার করার নতুন ক্ষমতা পাচ্ছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/টিএইচ