নাগেশ্বরীতে শংকোষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫০

হুমকিতে ব্রিজ ও ফসলি জমি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে শংকোষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী। হুমকির মুখে পড়েছে শংকোষ ব্রিজসহ আশেপাশের বেশকিছু বাড়ি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কচাকাটা থানার শংকোষ নদীতে দীর্ঘদিন ধরে ব্রিজের মাত্র ৭০ গজ দূরত্ব থেকে এক কিলোমিটারের মধ্যে ৯টি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় ইউপি সদস্য গাজীউর রহমানসহ বেশ কয়েকজন বালু ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে তারা তিন-চারটি ড্রেজার মেশিনে নিয়মিত বিরতিতে বালু উত্তোলন করে আসছিল। বর্তমানে ৯টি ড্রেজার মেশিন দিয়ে সারাদিন চলছে বালু উত্তোলন।

স্থানীয় আজাদ আলী, মফিজুল ইসলাম, ব্রিজের পাশের দোকানদার রেজাউল ইসলাম, আবু বকর সিদ্দিকসহ অনেকে বলেন, এভাবে বালু উত্তোলন করায় ব্রিজটি যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি নদী তীরবর্তী আমাদের জমিগুলোও দেবে যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ দিলে কয়েকদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয় বালু উত্তোলন। বালু ব্যবসায়ী ইউপি সদস্য গাজীউর রহমান জানান, অনেকেই এখান থেকে এভাবে বালু তোলেন, তাই আমিও তুলছি। বালু উঠালে ক্ষতি তো একটু হবে।

এ বিষয়ে জানতে কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালের মুঠোফোন যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।