নেদারল্যান্ডসের অর্থনৈতিক নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি চীন। দেশটির গোয়েন্দা সংস্থা তাদের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে একথা বলেছে। সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে সংস্থাটি যেসব হুমকি চিহ্নিত করেছে, তার মধ্যে আছে বাণিজ্যিক গুপ্তচরবৃত্তি ও ছদ্ম বিনিয়োগ। এছাড়াও ইউক্রেনে রাশিয়ার হামলার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের জাতীয় নিরাপত্তা জন্য বড় ধরনের হুমকি রাশিয়া। সংক্ষেপে এআইভিডি নামে পরিচিত এই ডাচ গোয়েন্দা সংস্থাটির ২০২২ সালের এ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডস চীনকে একটি বড় বাণিজ্যিক অংশীদার বলে মনে করে। কিন্তু চীন তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষার কারণে ডাচ ও পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি অর্জনের চেষ্টা চালাচ্ছে।
সংস্থাটি বলেছে, চীনের বিভিন্ন কোম্পানি এবং জ্ঞানভিত্তিক নানা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই ডাচ প্রতিষ্ঠানগুলোর জন্য মূল্যবান অংশীদার। কিন্তু একই সময়ে চীন ডাচ অর্থনৈতিক নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকিও সৃষ্টি করেছে। চীন বৈধ বিনিয়োগ, বিভিন্ন কোম্পানি অধিগ্রহণ ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অবৈধ (ডিজিটাল) গুপ্তচরবৃত্তি, ভেতরের তথ্য সংগ্রহ, ছদ্ম বিনিয়োগ ও অবৈধ রপ্তানিতেও জড়িত। ডাচ কোম্পানি, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ও বিজ্ঞানীরা নিয়মিতই এর শিকার হচ্ছে।
দেশটির বড় লক্ষ্য হল, নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় ভেল্ডহোভেন নগরী ভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এএসএমএল। কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত লিথোগ্রাফি যন্ত্র বিশ্বব্যাপী সরবরাহ করে এই প্রতিষ্ঠান। চীন এএসএমএলের তৃতীয় বৃহত্তম বাজার।
গত ৮ মার্চ নেদারল্যান্ডস সরকার ঘোষণা দিয়েছিল যে, সেমিকন্ডাক্টর প্রযুক্তি রপ্তানিতে কড়াকড়ি আরোপে নতুন নিয়মবিধি চালু করা হবে। ২০২২ সালের অক্টোবরে এই প্রযুক্তি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধের মতোই বিধি চালুর চিন্তা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের লক্ষ্য ছিল, চীনের চিপ তৈরির সক্ষমতা ব্যাহত করা। নতুন ঐ নিয়মবিধির বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে এএসএমএল গত মার্চে জানিয়েছিল, তাদের অত্যাধুনিক কিছু প্রযুক্তির জন্য লাইসেন্স নেওয়ার দরকার পড়বে বলে তারা আশা করছে। এআইভিডি গোয়েন্দা সংস্থা গত ফেব্রুয়ারিতে বলেছিল, রাশিয়া হয়তো নাশকতার উদ্দেশ্যে ডাচ উত্তর সাগরে তাদের বায়ুবিদ্যুত্ ফার্ম এবং অবকাঠামোর ওপর গোয়েন্দাগিরি করেছিল। ২০২২ সালে ডাচ সরকার রাশিয়ার ১৭টি গোয়েন্দা সংস্থাকে সেদেশ থেকে বহিষ্কার করে।
