ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃত আল আমিন (১৪) উপজেলার ছোট নুনতোর গ্রামের মোহাম্মদ মুক্তার ছেলে এবং মৃত সিয়াম (১০) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে আল আমিন ও সিয়াম তাদের বন্ধুদের সঙ্গে গ্রামের কাছে কটলা পুকুরে গোসল করতে যায়। তারা পুকুরপাড়ে খেলাধুলা করার সময় তাদের সাথী সিফাতের একটা জুতা পুকুরে পড়ে যায়। আল আমিন ও সিয়াম তাৎক্ষণিক তা উদ্ধার করতে পুকুরে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। এ সময় পাড়ে থাকা সিফাত (৬) এর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় আল আমিন ও সিয়ামকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তাদেরকে বালিয়াডাঙ্গী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে রাণীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত কর বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায়তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।
