পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০ বছর হলো। তারপরও ক্রিকেটীয় কারণেই তিনি সংবাদ শিরোনাম হয়েছেন বেশি। কোচ এবং ধারাভাষ্যকার হিসেবে সুনামও কুড়িয়েছেন। সেই ওয়াসিম আকরাম এবার সংবাদ শিরোনাম হলেন সম্পূর্ণ অন্য এক কারণে।
ক্রিকেট মাঠে বল হাতে আগুনের স্ফুলিঙ্গ ছড়ানো ওয়াসিম আকরামের অভিষেক হতে যাচ্ছে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওয়াসিম আকরাম অভিনীত ‘মানি ব্যাক গ্যারান্টি’ সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ২১ এপ্রিলই মুক্তি পাবে ওয়াসিম আকরামের সিনেমা ‘মানি ব্যাক গ্যারান্টি।’
ক্রিকেট মাঠে বলের গতির আগুনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পুড়িয়ে মেরেছেন। তবে চলচ্চিত্রের রঙিন ফিতায় তাকে বিধ্বংসী রূপে নয়, বরং কমেডি চরিত্রেই দেখা যাবে। সিনেমাটিতে পাকিস্তানের অনেক নামকরা অভিনেতা-অভিনেত্রীরাই অভিনয় করেছেন বলে জানা গেছে। তবে ‘মানি ব্যাক গ্যারান্টি’ সিনেমাটির মূল আকর্ষণ ‘মুলতানের সুলতান’ ওয়াসিম আকরাম এবং তার স্ত্রী শ্যানিয়েরাই। হ্যা, ওয়াসিম আকরামের সঙ্গে তার অস্ট্রেলিয়ান স্ত্রী শ্যানিয়েরারও সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। একে অন্যের বিপক্ষে অভিনয় করেছেন তারা।
নতুন হলেও ‘ডার্ক কমেডি’ সিনেমাটিতে ওয়াসিম এবং শ্যনিয়েরা দুজনেই বেশ স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন বলে জানা গেছে। মানে নিজেদের অভিনয় গুণ দিয়ে সিনেমাটি সংশ্লিষ্ট সকলকেই মুগ্ধ করেছেন তারা। এবার আম-দর্শকদের মুগ্ধ হওয়ার পালা। পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনে এরই মধ্যে সিনেমাটি ব্যাপক হইচই ফেলেছে। মুক্তির পর আম-দর্শকদের মাধ্যে সিনেমাটি বিশেষ ঝড় তুলবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। একটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়েই সিনেমাটি বানানো হয়েছে বলে খবর।
