সাতক্ষীরায় গণশুনানিতে বক্তারা
সাতক্ষীরা প্রতিনিধি
গণশুনানিতে বক্তারা বলেছেন, অনিয়ম ও হয়রানি থেকে গ্রাহকদের রেহাই দিতেই চালু করা হয় বিদ্যুতের প্রি-পেইড মিটার। কিন্তু প্রি-পেইড মিটার এখন গ্রাহকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রি-পেইড মিটার স্থাপনের জন্য গ্রাহকদের কোনো ফি গুনতে হবে না বলা হলেও এই মিটারের জন্য প্রতিমাসে ৪০ টাকা কেটে নেয়া হচ্ছে এবং প্রতিমাসে ৫০ টাকা ডিমান্ড চার্জও গুনতে হচ্ছে গ্রাহকদের।
শুক্রবার বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজেপাডিকোর অনিয়ম ও অস্বচ্ছতার বিষয়ে সাতক্ষীরায় নাগরিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে জেলা পুরাতন আইনজীবী সমিতি ভবনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় গণশুনানিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জেএসডির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর হালদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন প্রমুখ।
