গোপালগঞ্জের কোটালীপাড়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুরপালা গ্রামের নিজ বাড়িতে মারা যায়।
মৃত মুজাহিদ হাওলাদার (১৬) একই এলাকার সেকেন্দার হাওলাদার ছিকুর ছেলে ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুরপালা গ্রামের হাওলাদার বংশের সঙ্গে শেখ বংশের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ৮ এপ্রিল একটি গাছ কাটাকে কেন্দ্র করে হারুন হাওলাদারের ছেলে ওয়ালিদ হাওলাদারের সাথে কালাম শেখের তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তরিকুলের লোকজন স্কুল ছাত্র মুজাহিদকে ছুরিকাঘাত করে। সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়।
মৃত ছাত্রের বাবা সেকেন্দার হাওলাদার ছিকু বলেন, ঈদের পরে আমার ছেলের এসএসসি পরীক্ষা। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মুজাহিদকে নিয়ে বাড়ি চলে আসি। বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ অসুস্থ হলে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। চিকিৎসকরা বলেন, আমার বাবা আর বেঁচে নেই।
এদিকে মুজাহিদ হাওলাদার মারা যাওয়ার পরে অভিযুক্ত ও তাদের পরিবার বাড়ি ঘরে তালা মেরে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
