সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা ইতোমধ্যে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। এপ্রিলে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত একটি সার্চ টুল বের করার ঘোষণা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে খবর পাওয়া গেছে। তবে এই টুলের ফিচারগুলো মাসের শেষে জানানো হবে।
অবশ্য এই নতুন ফিচার প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা ব্যবহার করতে পারবেন। শুরুতে মাত্র ১ মিলিয়ন ব্যবহারকারীকে এই সুবিধা দেওয়া হবে। এই টুলটি আদতে কি কাজে আসবে তা নিশ্চিত নয়। তবে ওপেনএআই এর চ্যাটজিপিটি ও মাইক্রোসফট বিং এআই-কে টেক্কা দেওয়ার ক্ষেত্রে তারা উঠেপড়ে লেগেছে। নতুন এই টুলের কোডনেম রাখা হয়েছে ম্যাজাই। এমনিতেও গুগলের অবস্থা ভালো নয়। সম্প্রতি স্যামসাং জানিয়েছে তারা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বদলে বিং ব্যবহার করবে। তেমনটি হলে গুগল বছরে ৩ বিলিয়ন ডলার সমমূল্যের পারিতোষিক হারাবে। সম্ভবত মাইক্রোসফটের নতুন কাজই স্যামসাং এর আগ্রহের কারণ।
তাই ম্যাজাই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গুগল তাদের সার্চ ইঞ্জিনে যৌক্তিক ও ভালো কিছু পরিবর্তন ও পরিবর্ধন আনতে চাচ্ছে। আপাতত যতটুকু জানা গেছে, নতুন এই টুলটি অনেকটা মাইক্রোস্ফট এজের সাইডবারের সার্চ টুলের মতোই।
