ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৬

বাগেরহাট প্রতিনিধি

খুলনা-মংলা নির্মাণাধীন রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণের আওতাভুক্ত ভূমি, ঘরবাড়ি ও গাছের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ভূমি মন্ত্রণালয়। বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান স্বাক্ষরিত পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২০ মে ভূমি মন্ত্রণালয়ের ঐ তিন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান সাময়িকভাবে বরখাস্ত করেন। বরখাস্ত আদেশের ঠিক একমাস পর বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে। তবে এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

বরখাস্ত কর্মকর্তারা হলেন: জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নিত্য গোপাল ও কানুনগো সুব্রত সরদার এবং তত্কালীন সার্ভেয়ার বর্তমানে রামপাল উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার কামাল হোসেন।