বরিশাল অফিস
বরিশালে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে আসতে না পারায় দুই শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বরিশাল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করলে পুলিশের লাঠিপেটার শিকার হন। সকাল ১০টায় বরিশাল নগরীর ৩২টি কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।
প্রবেশপত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশের নিয়ম। কিন্তু বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুই শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকেই ১৫ থেকে ১০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা পরীক্ষার্থীদের প্রবেশে বাধা দিলে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।
একাধিক পরীক্ষার্থী জানান, বৈরী আবহাওয়ায় প্রায় সব কেন্দ্রেই এ ধরনের সমস্যা হয়েছে। কিন্তু তাদের কেন্দ্রে অতিরিক্ত বাড়াবাড়িতে ২০০ পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান, পরীক্ষার্থীরা সঠিক সময় আসতে না পারায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
