মাদারীপুরের শিবচরে পাওনা টাকা ফেরত চাওয়ায় শফিজুল ইসলাম (৩৫) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
আহত শফিজুল ইসলাম ওই ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে। এ ব্যাপারে আহতর ভাই সবুজ মিয়া বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শফিজুল ইসলাম উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে মুদি দোকান করেন। পাশাপাশি বিকাশ, ফেক্সি লোড, অকটেন ও পেট্রোল বিক্রি করেন। গত কয়েকদিন আগে ওই দোকান থেকে বাকিতে মোটরসাইকেলের জন্য পেট্রোল নিয়েছিলেন শরীয়পুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার বাসিন্দা চুন্নু খানের ছেলে সাদ্দাম খান। বৃহস্পতিবার সকালে সাদ্দাম তার কয়েকজন সঙ্গীকে নিয়ে আবারও দোকানে বাকিতে মোটরসাইকেলের জন্য তেল নিতে আসলে শফিজুল ইসলাম বাকি দিতে রাজি হয়নি। একপর্যায়ে কথাকাটাকাটি হলে দোকানি শফিজুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আসেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক শফিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ততক্ষণে অভিযুক্ত সাদ্দাম তার সঙ্গে থাকা লোকজন নিয়ে দোকানে থাকা নগদ অর্থ, গুরুত্বপূর্ণ মালামাল লুট ও ভাংচুর করে পালিয়ে যায়।
গুরুতর আহত শফিজুল ইসলাম বলেন, পূর্ব নাওডোবার মাসুম খার কান্দি চুন্নু খানের ছেলে সাদ্দাম খা এর আগেও বাকিতে তেল নিয়ে যায়। বৃহস্পতিবার আবারও কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে বাকিতে পেট্রোল চায়। পূর্বের টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমার দোকানে থাকা নগদ টাকা পয়সাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
