ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়িতে শুক্রবার সকালে নদীতে গোসল করতে গিয়ে আখি আক্তার (৪) ও আনফি আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আখি আক্তার ঐ গ্রামের হামিদুর রহমানের মেয়ে এবং আনফি আক্তার একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। ঐ গ্রামের বাসিন্দা রেজওয়ান হোসেন বলেন, শিশু দুটি বাড়ির পাশের ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে শিশু দুটিকে নদীর তলদেশে খুঁজে পায়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
