রাজৈরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা আহত ১৫

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। শুক্রবার ভোরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মাতুব্বর পাড়ার এক ব্যক্তি মুন্সী পাড়ায় যাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে মাতুব্বর বাড়ির লোকজন মুক্তিযোদ্ধা হায়দার মুন্সির বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারীসহ ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি মো. সাজাহান জানান, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও আগের একটি মামলাকে কেন্দ্র করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।