ফুলবাড়িতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০০

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়িতে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভোররাতে মামলার ২নং আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার রশিদপুর গ্রামের মৃত ওসমান সরকারের ছেলে মিজান শেখ গত বছরের ২৫ অক্টোবর ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে মিজানের উপস্থিতিতে কাজী আব্দুল জলিলের মাধ্যমে সিরাজুলের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। এদিকে গত ২ মে মিজান ওই শিক্ষার্থী ও তার বাবাকে ভয় দেখিয়ে দিনাজপুরের একটি ক্লিনিকে ছয় মাস ১৫ দিনের অন্তঃসত্ত্বা ওই ছাত্রীর গর্ভপাত করে।

থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি সিরাজুলকে বিরামপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা হচ্ছে।