দুপচাঁচিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত দুই আটক এক

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা ডাকা নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুজন নেতা আহত হন। তারা হলেন: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান ও সদর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মেহেদী হাসানকে আটক করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিধি মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে সভা ডাকা হয়েছে। তারা সাধারণ সম্পাদককে সভার বিষয়টি অবহিত করেছেন। আমি সভা করার সময় সাধারণ সম্পাদকের পক্ষের লোকজন দলীয় কার্যালয়ে ঢুকে আমার নেতাকর্মীর ওপর হামলা চালায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক ভিন্ন ভিন্ন সময়ে দলীয় কার্যালয়ে সভার আহ্বান করেন। তারপরও রাতে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মেহেদী হাসানকে আটক করা হয়েছে। আহত আনিসুর রহমানের মা রেনুকা বিবি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।