সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আহতরা হলেন, মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন(২৩), জুলমত(৬০) । তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৬ ব্যক্তিকে আটক করেছে। আটকরা হলেন- দত্তপাড়া এলংজানি গ্রামের মিঠুন (২৬), রাকিব (১৮), ছাব্বির (১৯), আমিরুল (৩০), দেলোয়ারা (৩০) ও ফাতেমা (২৮)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই গ্রামে খাস পুকুরটি দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের লোকজন দখল করে মাছ চাষ করতেন। ঘটনার দিন সকালে গ্রামের প্রতিপক্ষ ঠান্ডু মোল্লার লোকজন ওই পুকুরটি দখল করতে গেলে মোতালেব হোসেনের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জামাল উদ্দিন। খবর পেয়ে তিনি পুলিশ দ্রুত ওই গ্রামের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জামালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
