দুই বাহিনীর সঙ্ঘাতে অস্থিতিশীল হয়ে ওঠা সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে তিনটি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে। পরে সেখান থেকে ১০০ জনের মতো মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।
এর আগে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছিল, রোববার ভোর সকালের ওই অভিযানে ছয়টি আকাশযান ব্যবহার করা হয়েছে এবং তারা (আরএসএফ) এই এতে সহযোগিতা করেছে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, রোববার ভোরে (স্থানীয় সময়) প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, ওই সময় তাদের নিতে মার্কিন দূতাবাসের কাছে তিনটি চিনুক হেলিকপ্টার নেমেছিল।
গত সপ্তাহ থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। লড়াই চলাকালে খার্তুমে প্রাণঘাতী গোলাগুলি ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
অভিযানের পর মার্কিন বাহিনীর ডিরেক্টর ফর অপারেশন্স লে. জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের জানান, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের শতাধিক সেনা জিবুতি থেকে উড়ে ইথিওপিয়া যায়, তারপর সেখান থেকে সুদানে যায়; তারা খার্তুমে ছিল এক ঘণ্টারও কম।
