ঢাকা এখনো ফাঁকা 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৪৯

ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ। খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এখনো ফাঁকা পুরো ঢাকা শহর।

রাজধানীর সড়কগুলোতে নেই কোনো যানজট, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তির বসবাস।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র। তবে সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজির উপস্থিতি দেখা গেছে। গতকালের তুলনায় সড়কে বাসের সংখ্যা কিছু বেশি থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় সেই সংখ্যা খুবই কম।

রাজধানীর কাওরান বাজারে দেখা গেছে, দুদিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় সুনসান নীরবতা। কয়েকটি রিকশা, সিএনজি আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোনো বড় যানবাহন।

একই অবস্থা দেখা গেছে, মগবাজার, মালিবাগ, গুলিস্তান, শান্তিনগর, শাহবাগ, মহাখালীসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক আজও অনেকটা ফাঁকা। এসব এলাকায় গাড়ির চাপ নেই। নগরজুড়ে চলছে ছুটির আমেজ।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে আজ। ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ থেকে রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

ইত্তেফাক/কেকে