বিএনপি বাকোয়াজ করতে ভালোবাসে —আইনমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি বাকোয়াজ করতে খুব ভালোবাসে। এজন্য তারা বাকোয়াজ করে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছরে কোনো এফআইআর হয়নি। যখন সকল দুর্নীতির বিচার হচ্ছে তখন বিএনপি বলছে দেশে আইনের শাসন নেই, আমরা নাকি সবকিছু নিয়ন্ত্রণ করছি। আমরা কোনো কিছুই নিয়ন্ত্রণ করছি না। গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) ঢাকাস্থ কসবা সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এতিমের টাকা চুরির জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছে নিম্ন আদালত। আর ওই মামলা হয়েছিলো বিএনপি সরকারের মনোনীত সেনাপ্রধান মইনউদ্দিনের পছন্দের সরকারের আমলে। ওই সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। হাইকোর্ট সাজা বাড়িয়ে দশ বছর করেছে। আমরা বিশ্বাস করি জনগণের উন্নয়নের জন্য বিচার বিভাগ স্বাধীন থাকা জরুরি। তাই বিএনপির বাকোয়াজ কেউ বিশ্বাস করে না।

সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান মো. মতিউর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুঁইয়া জীবন প্রমুখ।