তাদের বক্তব্যই প্রমাণ করে সরকার বেগম জিয়ার মুক্তিতে বাধা —আমির খসরু

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে না বলাটাই লজ্জাজনক। তাদের এ বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগই বেগম জিয়ার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসনের মুক্তি বিলম্বিত হচ্ছে অভিযোগ করে অবিলম্বে খালেদার মুক্তি দাবি করেন তিনি।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিচার বিভাগে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, নিপুন রায় চৌধুরী, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

খসরু বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এটা যেমন সকলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক তেমনি বেগম খালেদা জিয়াকে যে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে সেটাও সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার।