ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় এক কোটি ৮০ লাখ ইউরো (প্রায় ১৭২ কোটি টাকা) দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজুমি।
তিনি জানান, কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে ইইউর দেওয়া এই অর্থ রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয়দের জীবনে স্থিতিশীলতা আনতে ব্যয় করা হবে। ইইউর অর্থায়ন ও ইউনিসেফের তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা এবং শিশু সুরক্ষার মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে উপকৃত হবে প্রায় দুই লাখ শিশু ও তাদের পরিবার। তিনি জানান, এ অর্থ দিয়ে টেকনাফ ও পেকুয়া উপজেলায় প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য স্কুল সরঞ্জাম কেনা হবে। পাশাপাশি সাতটি বহুমুখী শিশু-কিশোর কেন্দ্র নির্মাণ এবং তিনটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ১৫০০ কিশোর-কিশোরীকে দেওয়া হবে দক্ষতা প্রশিক্ষণ। পাশাপাশি ১৫টি কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করা হবে।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক বলেন, শরণার্থী সংকটের কারণে ক্ষতিগ্রস্ত সবার ভবিষ্যত্ নিশ্চিতে আমাদের কার্যক্রম আরো ভালোভাবে পরিচালনা করতে হবে। রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ইইউ এখন পর্যন্ত ইউনিসেফকে দুই কোটি ৪৮ লাখ ইউরো সহায়তা দিয়েছে।
