সুদানে দূতাবাস বন্ধ করলো সুইজারল্যান্ড

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৬

নিরাপত্তাজনিত কারণে সুদানের রাজধানী খার্তুমের দূতাবাস বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকেও সরিয়ে নিয়েছে দেশটি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে খার্তুম থেকে সুইস দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত দূতাবাসের সাতজন কর্মী ও তাদের সঙ্গে থাকা পাঁচজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সুস্থ আছে। তাদের মধ্যে দু’জনকে সুদানের প্রতিবেশী ইথিওপিয়া যাওয়ার পথে রয়েছে। বাকিদের ফ্রান্সের সহায়তায় জিবুতিতে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্যাসিস বলেছেন, আমাদের অংশীদারদের— বিশেষ করে ফ্রান্সের সহযোগিতার কল্যাণে খার্তুম থেকে দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এর আগে শুক্রবার দেশটি সুদানে প্রায় ১০০ জন সুইস নাগরিক রয়েছে বলে জানায়। অন্যরা পর্যটক হিসেবে সে দেশ পরিদর্শন করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই সুদানে মানবিক সংকট সৃষ্টি করেছে। সপ্তাহব্যাপী এই লড়াইয়ে ইতোমধ্যে ৪২০ জন মারা গেছে। এছাড়া দেশটির লাখ লাখ মানুষ মৌলিক সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি