প্রতিদিনই বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। গতকাল শুক্রবারও সড়কে ৯ জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গুরুদাসপুর (নাটোর): গতকাল সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপকে বেপরোয়া একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপের তিন শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রুহুল আমীন, আব্দুল কাদের। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, পিকআপটি ছিটকে মহাসড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ: গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ঢাকাগামী সাওন ট্রাভেলসের কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক নাজিমউদ্দিন শেখ (২০) নিহত হয়েছেন। নাজিম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।
সাতক্ষীরা: নাতির মুখ দেখা হলো না নাসির উদ্দিন সরদারের (৫০)। গতকাল কালিগঞ্জের নলতার একটি ক্লিনিকে নাসির পুত্রবধূর নবজাতক ছেলেকে দেখতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে শ্যামনগর-কালিগঞ্জ সড়কের পাউখালী মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আহত হয়েছেন তার স্ত্রী শেফালী বেগম। একইদিন কালিগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাপী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। একই সড়কের পিরোজপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাপী কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে। ওসি রাজীব হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল উপজেলার চরপাড়া কমিউনিটি ক্লিনিকের কাছে মোহনপুর আঞ্চলিক সড়ক সংস্কার কাজে নিয়োজিত একটি মাটিবাহী ট্রাকের চাপায় আনজিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আনজিনা কয়ড়া কৃষ্টপুর গ্রামের আব্দুল মমিনের স্ত্রী।
বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মাসুম আহমেদ (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম রাজশাহী জেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার খায়রুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
মাগুরা: গতকাল মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরার শ্রীপুরের গড়াই সেতুর উপরে একটি গাড়ির ধাক্কায় ইজিবাইক আরোহী তাপস রায় (৪০) নিহত ও তিনজন আহত হয়েছে।
