এক মাস সিয়াম-সাধনার পর ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
বসন্তের রোদ্রউজ্জল সকালে হামবুর্গের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে হামবুর্গে বসবাসরত বাঙালিরা অন্যান্য দেশের মুসলিম ধর্মালম্বীদের সাথে ঈদের জামাতে শরিক হয়েছিলেন। ঈদের জামাত ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে ঈদ উৎসবের আয়োজন করেন।
ঈদের জামাতে বিভিন্ন দেশের হাজারখানেক মানুষ একত্রে নামাজ আদায় করেছেন। উক্ত জামাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেন। নামাজ শেষে মিষ্টি ও খেজুর বিতরণ করা হয়।
এদিন পরিবার–পরিজন ছেড়ে হাজার মাইল দূরে থেকেও হামবুর্গ শহরে বসবাসরত বাংলাদেশিদের ঘরে ছিলো উৎসবের আমেজ।
