চট্টগ্রামে একদিনে তিন জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:১৪

চট্টগ্রামে এক শিক্ষার্থীসহ এক দিনে তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে শিক্ষার্থী ইফতেখারুল ইসলামের (১৮) লাশ পাওয়া গেছে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। এছাড়া বিদ্যুত্স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় অপর দুই জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর সদরঘাট থানার ৭০ নম্বর রোডের হুমায়ুন ভবন থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইফতেখারকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ইফতেখার ঐ এলাকার এমদাদুল ইসলামের ছেলে। তিনি সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে সদ্য সম্পন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এদিকে নগরীর পাহাড়তলি বণিকপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে রণজিত্ দাশ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শ্যামল দাশ নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ইত্তেফাককে বলেন, বিদ্যুত্স্পৃষ্ট হওয়া দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে রণজিেক চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি অংশে গাড়ির ধাক্কায় ফারুক আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গাড়ির ধাক্কায় আহত হলে ফারুক আহমেদকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।