ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২৩:১৬

ঈদের ছুটি শেষ হলো। এবার বাড়ি ফিরেই আবার অফিস নাহয় পুরনো জীবন। রমজানের এক মাসের জীবন-যাপনের পদ্ধতি থেকে আবার পুরনো জীবন-পদ্ধতিতে ফিরতে হচ্ছে। কিন্তু ঈদের পর বাড়ি ফিরে প্রথমে কি করবেন? আপনার ঘরটিতে কয়েকদিন না থাকায় কিছু অস্বাভাবিকতা থাকতেই পারে। তাই চেনা ঘরটিকেই আবার প্রস্তুত করে নিন। সেজন্য যা করবেন: 

প্রথমে দরজা খুলে ভেতরে দেখুন
প্রথমে শিশুদের ঘরে ঢুকতে  না দিয়ে ঘরের ভেতর প্রবেশ করুন। ঘরের ভেতর কোনো অস্বাভাবিকতা আছে কি-না অথবা কোনো ঘ্রাণ পাচ্ছেন কি-না তা খেয়াল করুন। প্রথমেই ইলেকট্রিক সুইচ জ্বালাবেন না। অনেক সময় বাড়িতে গ্যাস লিকেজ হতে পারে। তেমন কিছু আছে কি-না দেখে নিন। 

আস্তে আস্তে দরজা-জানালা খুলে দিন
বাড়ি যাওয়ার সময় দরজা জানালা বন্ধ করে গিয়েছেন। দীর্ঘদিন ঘরে আলো-বাতাস না থাকায়  ঘরে এক ধরনের গুমোট আবহাওয়া থাকতে পারে। সেজন্য দরজা, জানালা এসব খুলে দিন। তারপর একসময় ফ্যান ছেড়ে দিন। বাইরের তাজা বাতাস ঘরে আসবে। 

মশার অ্যারোসল স্প্রে করুন
ঢাকায় মশার উপদ্রব বাড়ছে। আর এই সময় কয়েকদিন ঘর থেকে বাইরে থাকার দরুন ঘরে মশার সমস্যা থাকতেই পারে। তাই প্রতিটি রুমেই  অ্যারোসল স্প্রে করুন। অবশ্যই প্রথমে দরজা-জানালা খুলে ঘরের ভেতর তাজা বাতাস আনুন। তারপর স্প্রে করার সময় দরজা-জানালা বন্ধ করে দিন। 

বাথরুমে যান
বাথরুমে গিয়ে কমোড ফ্ল্যাশ করে দিন। এমনকি বেসিনের ট্যাপ ছেড়ে দিন। প্রয়োজনে মগ দিয়ে বাথরুমে পানি ছিটিয়ে দিন। এভাবে ময়লা থাকলে তা ভেসে যাবে। 

ঘর ঝাড়ু দিন
ঘরে প্রবেশ করেই খেয়াল করবেন ধুলো-বালু জমেছে। সেগুলো আলতো করে ঝাট দিয়ে নিন। আস্তেধিরে করুন। ঘর ভালোভাবে পরিষ্কার করতে হলে অনেক সময় আছে। 

বিছানার চাদর বদলে নিন
বিছানার চাদর বদলে নিন এবং আপনার ঘুমোনোর পরিবেশটা আগে ঠিকঠাক করুন। কারণ দীর্ঘ যাত্রার পর ঘুমটা ভালো হওয়া জরুরি। ঘুম ভালো না হলে তখন শরীর অসুস্থ লাগবে। 

রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করুন
রান্নাঘরটি সবার আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই জায়গাটিতে পোকামাকড় এর উপদ্রব থাকলে দূর করুন। রান্নাঘরের আবহাওয়া স্বাভাবিক হলে রান্না করুন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন