‘সরকারি সেবাসমূহ হরিজন, রবিদাস ও দলিত যুবদের জন্য কতটুকু অন্তর্ভুক্তিমূলক’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ‘ছায়া সংসদ’ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। নগরীর কীর্তনখোলা মিলনায়তনে ছায়া সংসদের স্পিকারের ভূমিকা পালন করেন বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান শিরাজ।
ছায়া সংসদে হরিজন, রবিদাস ও দলিত যুদের মধ্যে ট্রেজারি বেঞ্চে বৃষ্টি রানী দাস ও তার দল এবং বিরোধ দলীয় নেতা হিসাবে বিউটি ও তার দল জাতীয় বাজেটে যুবদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আবাসন, পানি, স্যানিটেশন ও নিরাপত্তা সংকট সমাধানে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন ও উদ্যোগসমূহের পক্ষ-বিপক্ষে বিভিন্ন যুক্তি-তর্ক তুলে ধরে সমাধানের প্রস্তাবনা রাখে। দি কুইন্স ইয়াং লিডার্স, একশনএইড বাংলাদেশ ও রিচ টু আনরিচড (রান)-এর সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীরা বলেন, দেশের মোট জনসংখ্যার চার শতাংশ এ হরিজন, রবিদাস তথা অনগ্রসর দলিত জনগোষ্ঠী অথচ জাতীয় বাজেট ২০১৮-২০১৯ অর্থবছরে তাদের জন্য বরাদ্দ মাত্র ৫০ কোটি টাকা মাত্র। এর ফলে এ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিকল্প কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ যথেষ্ট নয় বিধায় ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এ বরাদ্দ ন্যূনতম এক ভাগ রাখার সুপারিশ করেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রশাসক কার্যালয়ের অফিসার সাজ্জাদ পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন রান নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, অধ্যাপক গাজী জাহিদ হোসেন, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদ রাজকুমার দাস প্রমুখ।
