ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৯ গতকাল শুক্রবার চট্টগ্রামের নৌবাহিনী ঘাঁটির নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে। চারদিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড কমডোর হুমায়ুন কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্বিরাত প্রতিযোগিতায় কমখুল (কমান্ডার খুলনা) দলের এম বখতিয়ার, পিও (কুক) প্রথম স্থান এবং কমফ্লোট ওয়েস্ট (কমান্ডার ফ্লোটিলা) দলের এম আফজাল, আরইএন-১ দ্বিতীয় স্থান অধিকার করেন।
অপরদিকে, আযান প্রতিযোগিতায় পিসিএস (চট্টগ্রাম) দলের এম শিহুল ইসলাম, এলএস প্রথম স্থান, ও হাজী মহসীন (ঢাকা) দলের এম মঞ্জুরুল ইসলাম, এলএস দ্বিতীয় স্থান অধিকার করে। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌঅঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য সেখানে উপস্থিত ছিলেন।
