কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।
বেলাফন্তের মুখপাত্র কেন সানশাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বিখ্যাত গায়কের।
সঙ্গীতের জগতে হ্যারির অবদান অনস্বীকার্য। লোকগান গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন হ্যারি। শুধু গানের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি তিনি। তার সৃষ্টিকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন হ্যারি। তিনি অভিনয়ও করেছেন।
১৯২৭ সালের ১ মার্চ নিউইয়র্ক শহরে জন্ম বেলাফন্তের। তবে শৈশবের আটটি বছর জ্যামাইকায় কেটেছে এই কিংবদন্তির। পরে নিউইয়র্কে ফিরলেও ডায়ালেক্সিয়ার সমস্যায় হাই স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি। পেটের তাগিদে করেছেন নানা বিচিত্র কাজ। ১৭ বছর বয়সে যোগ দেন মার্কিন নৌ-সেনায়। সেই সময় পুরো বিশ্ব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল থাবায়।
যুদ্ধশেষে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন বেলাফন্তে। সেই প্রথম অভিনয়ের ক্লাসে ভর্তি হন তিনি। সেই সঙ্গে হাতে তুলে নেন গিটার। লোকগীতি থেকে পপ, জ্যাজ গেয়ে উপার্জন শুরু করলেন নিউইয়র্কের ক্লাবগুলোতে।
ব্যক্তি জীবনে তিনবার বিয়ে করেছিলেন বেলাফন্তে। তার এবং তার প্রথম স্ত্রী মার্গারিট বার্ডের দুটি সন্তান ছিল। যার মধ্যে একজন অভিনেত্রী-মডেল শারি বেলাফন্তে। প্রাক্তন নৃত্যশিল্পী জুলিয়া রবিনসনের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তার দুটি সন্তান ছিল।
