ঈদ শেষ। চাঁদরাতে মেহেদি দিয়ে অনেকেই হাত রাঙিয়েছেন। কিন্তু এখন কয়েকদিন পর মেহেদির রঙ ফ্যাকাসে হতে শুরু করেছে। এই সময় আর কি বাকি রইলো? বাকি রইলো মেহেদির রঙ তুলে ফেলা। অনেকেই হাতের অবস্থা দেখে দ্রুত রঙ তুলে ফেলার চেষ্টা করেন। সেজন্য আপনাকে রাসায়নিক প্রসাধনীর সাহায্য নিতে হবে না। ঘরোয়া পদ্ধতিতেই করতে পারবেন।
লবণ পানি ব্যবহার করে দেখুন
লবণ পানি দিয়ে অনেক কিছুই করা যায়। মেহেদির রঙ তুলতেও এটি কার্যকর। গামলায় পানি ভরে লবণ মিশিয়ে নিন। ঐ পানিতে ২০ মিনিটের মতো হাত ডুবিয়ে রাখুন। একদিন পরপর ব্যবহার করলে কয়েকদিনে রঙ উঠে যাবে। তবে লবণ পানি হাতের ত্বক শুষ্ক করে ফেলে। তাই প্রতিবার ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।
টুথপেস্টও কাজ করে
যেখানে মেহেদির নকশা আছে সেখানে টুথপেস্টের পাতলা আস্তরণ তৈরি করে নিতে পারেন। শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভেজা কাপড় দিয়ে টুকরো টুথপেস্ট মুছে হাতে ময়েশ্চারাইজার মাখুন। এভাবে ব্যবহার করলে দ্রুত রঙ উঠবে।
লেবুর রস
লেবুর রস এক ধরনের ব্লিচিং উপাদান। রসালো লেবু দুভাগ করে হাতে ঘষুন। তারপর হাত কুসুম গরম পানিতে ধুয়ে নিন। অথবা আধা গামলা পানিতে ৫ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন। দিনে দুবার করতে পারলে মেহেদির রঙ উঠে যাবে।
