রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, চলতি বছরেই যমুনা নদীর ওপর রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, রেলপথকে ঢেলে সাজাতে কাজ করেছে সরকার। পাশাপাশি নতুন আরও ১৫টি জেলাকে রেলে সম্পৃক্ত করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা আরও একটি রেল সেতু বানাতে চাই। ডুয়েল গেজ বিশিষ্ট ডাবল রেল লাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণ কাজ শেষ হবে।
নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে ৪৪টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। আমরা নতুন করে আরও ১৫টি জেলাকে রেলে সম্পৃক্ত করতে চাই। তাছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। চট্টগ্রামের সব রেল ডাবল লাইনে রূপান্তর করা হবে। তিনি বলেন, আমাদের নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। পাশাপাশি ফরিদপুর থেকে পায়রাবন্দর এবং ঢাকা থেকে পায়রাবন্দর রেলপথে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরকেও সংযুক্ত করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগ করা হবে।
রেলপথমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা মানে সবার অধিকার বাস্তবায়ন হওয়া।
লায়ন রিংকু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইন, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাসসহ ভিক্ষু সংঘরা। এর আগে সকাল ৯টায় বাড্ডায় বুদ্ধিষ্ট অ্যাসোসিয়েশনের ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
