রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই যুবকের বন্ধু মোটরসাইকেল আরোহী রাজিব (২৪)। বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বিরের বন্ধু ফারহান সাদিক নিঝুম জানান, রাতে তারা ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন বন্ধু পুরান ঢাকার নাজিরাবাজারে যান। সেখানে খাওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। এরপর রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকার বাসায় ফিরছিলেন। সাব্বিরের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন রাজিব।
কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে নেমে কুতুবখালী টোলপ্লাজায় ঢোকার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুহূর্তেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির। আহত হন রাজিব। দুজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
