ঈদের ছুটিতে বাড়িতে এসে লাশ হলেন আরিফ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪:৪৫

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ভোলার সৈয়দ লাহিড়ী বাজার সংলগ্ন এলাকায় পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা ও বরিশাল আঞ্চলিক মহাসড়কের  এ দুর্ঘটনায় নিহতদের ভাই আহত হয়েছেন।

নিহত আরিফুল ইসলাম আরিফ সদর উপজেলা ২নাম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নাম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও এক সন্তানের জনক। তিনি পেশায় দিনমজুর। ৭ দিনের ছুটিতে শুক্রবার তিনি বাড়িতে এসেছেন। শুক্রবার তার কর্মস্থলে ফেরার কথা ছিল।

আহত মো. শরীফ হোসেন নিহত আরিফের ভাই।

প্রত্যক্ষদর্শীর বারাতে ভোলা সদর মডেল থানার এসআই মো. মকবুল হোসেন জানান, নিহত আরিফ একটি ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে স্থানীয় পরাণগঞ্জ বাজারের দিকে আসছিলেন। একই দিক থেকে একটি মালবাহী পিকআপ ভোলার দিকে আসছিল। পথিমধ্যে পিকআপ গাড়িটি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে যাওয়া একটি অটোরিকশা সাইট দিতে গেলে পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেয়৷ ভ্যানটি উল্টে সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফ ও তার ভাই শরীফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে নিহতের ভাই শরীফ পুলিশকে জানিয়েছে এ ঘটনায় পিকআপ চালকের কোনো দোষ না থাকায় তাদের কোনো অভিযোগ নেই।

ইত্তেফাক/আরএজে