সবাইকে চোখ-কান খোলা রাখতে বললেন আইনমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:০৪

ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখনও তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালে কতিপয় মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছে। দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে সেখানে যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চান মন্ত্রী।

বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ২০৪১ সালে আপনারাই এই দেশকে নেতৃত্ব দেবেন। তাই তিনি সঠিক ইতিহাস-ঐতিহ্য পাঠে মনোযোগী হতে আহ্বান জানান।

মন্ত্রী এর আগে বিদ্যালয়ের নতুন ভবন ও শতবর্ষের বিদ্যালয়ের সংকলন উদ্বোধন করলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবাদুল করিম বুলবুল এমপি, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এসকে