ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ইনজুরির কারণে মাঠের বাইরে তাসকিন আহমেদ। তার পরিবর্তে আসন্ন আয়ারল্যান্ডের সিরিজের জন্য ডাক পান সাতক্ষীরার এই পেসার। ঘরোয়া ক্রিকেটের মতো আন্তর্জাতিক ক্রিকেটও ভালো করার ব্যাপারে আশাবাদী মৃত্যুঞ্জয়।
আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের ক্যাম্প শুরু করেছে টাইগাররা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রথম দিনের অনুশীলনের পর গণমাধ্যমকে মৃত্যুঞ্জয় বলেন, 'এটা আমার জন্য এক্সাইটিং মোমেন্ট। এর আগে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা আমার জন্য অনেক বড় এচিভমেন্ট। আজ অনেক ভালো লাগা কাজ করছিল।'
বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং সম্পর্কে তিনি আরও বলেন, 'ব্যাটিং নিয়ে আলাদা প্লান আছে। আমার ভালো অলরাউন্ডার হওয়ার ইচ্ছা ছিল। হয়তো বোলিংটা ওভাবে ক্লিক করেছে তাই সবাই বোলার ভাবে। ব্যাটিংটাও ভালো আছে কিন্তু ওইভাবে ক্লিক করতে পারিনি। আশাবাদী আছি, যেদিনই ক্লিক করতে পারবো সেদিন ভালো কিছু হবে।'
মৃত্যুঞ্জয় বলেন, 'আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি যদি আমার সেরাটা দিতে পারি তবেই ভালো কিছু আসবে। কিন্তু পারফরম্যান্সের দিকে থেকে সবকিছু খেলোয়াড়ের হাতে থাকে না। কঠোর পরিশ্রম ও আগ্রহটা আমার হাতে আছে। বাদ বাকিটা...আমি চালিয়ে যাই, যদি আল্লাহ লিখে রাখেন তাহলে ভালো কিছু হবে।'
