৪৯ ঘণ্টা পর কক্সবাজার সৈকতে ভেসে এলো পর্যটকের লাশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২১:৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক হিমেল আহমেদের (২৪) লাশ ৪৯ ঘণ্টা পর তীরে ভেসে এসেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা লাশটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সৈকতে নেমে ভেসে যান হিমেল।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পর্যটকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর এলাকার মো. আক্কাসের ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানিয়েছেন, গত ২২ এপ্রিল হিমেল আহমেদসহ তিন বন্ধু কক্সবাজারে যান। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসল করতে নামেন। ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করেন লাইফগার্ডের কর্মীরা। কিন্তু হিমেল ভেসে নিখোঁজ হয়ে যান।

প্রসঙ্গত, একইদিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে অপর এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

ইত্তেফাক/এসকে