২০ বছর সংস্কারবিহীন দুই কিলোমিটার রাস্তা

আপডেট : ২২ জুন ২০১৯, ০০:১৪

মাত্র দুই কিলোমিটার রাস্তা। সর্বশেষ মেরামত  হয়েছে প্রায় ২০ বছর আগে। এলাকার  হাজার হাজার মানুষের যাতায়াতের এটাই একমাত্র রাস্তা। বলা হচ্ছিল রাজধানী ঢাকার মাত্র ১৫/১৬  কিলোমিটার দক্ষিণে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-বাসাইল-গুয়াখোলা সড়কের কথা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের অভাবে এলাকাবাসীর যাতায়াত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ রাস্তা দিয়ে এক সময় প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বড় আকারের যানবাহন চলাচল করত। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে এখন এই রাস্তা দিয়ে শুধু রিকশা, অটোরিকশাসহ হালকা ধরনের যানবাহন চলাচল করে থাকে। ভাঙাচোরা এই রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

বর্তমানে সোলিং করা রাস্তাটির বিভিন্ন জায়গায় ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গা ধসে গিয়ে রাস্তাটি সরু হয়ে গেছে। রাস্তা থেকে ব্রিজে ওঠানামা করার জন্য পর্যাপ্ত মাটি ফেলে ঢাল করা হয়নি। এছাড়া, রাস্তার মাঝামাঝি ১০০ ফুট পরিমাণ অংশ পুকুর পাড় দিয়ে গেছে এবং সেই অংশটি সম্পূর্ণ কাঁচা থাকায় রাস্তার কিছুটা পুকুরে ধসে গেছে। ফলে সেখানে রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে, যে কারণে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হয়।

এলাকাটি রাজধানী ঢাকার পাশে হওয়ায় এখানকার শত শত মানুষ প্রতিদিন চাকরি, ব্যবসার প্রয়োজনে এই রাস্তা দিয়েই ঢাকায় যাচ্ছেন, শিক্ষার্থীরা যাচ্ছে স্কুল-কলেজে। কিন্তু রাস্তাটি ভাঙা থাকায় তারা সময়মতো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেন না, ভাড়াও গুনতে হচ্ছে বেশি। এ রাস্তার পাশে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এনজিও, স্বাস্থ্য কমপ্লেক্স, পোস্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বাসাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মামুন মাস্টার বলেন, ‘ভাঙা রাস্তার কারণে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তার করুণ চিত্র একাধিকবার বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে এসে এর সত্যতাও পেয়েছেন। তারপর কেন রাস্তাটি সংস্কার হচ্ছে না?’

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল জানান, গুরুত্বপূর্ণ এই রাস্তাটিকে এ বছর ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য জিডিপি-২ প্রকল্পে প্রস্তাব করা হয়েছে। প্রকল্প পাশ হয়ে বরাদ্দ পেলে রাস্তার সংস্কার কাজ করা সম্ভব হবে।