‘৯৯৯’-এ ফোন করে চুরি হওয়া ট্রাক পেলেন মালিক

আপডেট : ২২ জুন ২০১৯, ০০:১৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : পুলিশ কন্ট্রোল রুম ‘৯৯৯’-এ ফোন করে চুরি হওয়া ট্রাক এক ঘণ্টার মধ্যে ফিরে পেলেন ট্রাক মালিক। শুক্রবার সকালে বাড্ডা থানার আফতাব নগর থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায়। ট্রাক মালিক ৯৯৯-এ ফোন করলে পুলিশের তত্পরতায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। ট্রাকটি কাঁচপুর মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ট্রাক মালিক তার ট্রাকটি আফতাব নগরে একটি গ্যারেজে রেখে বাসায় যান। শুক্রবার সকালে গ্যারেজে গিয়ে দেখতে পান ট্রাকটি নেই। এরপর তিনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে চুরি হওয়া ট্রাকটির বিবরণ জানান। পরে কন্ট্রোল রুম থেকে তাত্ক্ষণিকভাবে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একঘণ্টার মধ্যে ট্রাকটি উদ্ধার করে মালিককে  বুঝিয়ে দেয়    —ইত্তেফাক