নওগাঁ সীমান্তে ৬টি সোনার বার উদ্ধার, যুবক আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬:২৮

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এসময় ৩৫ বছরের এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে চকিলাম সীমান্ত এলাকায় সোনার বারসহ ওই যুবককে আটক করে বিজিবি সদস্যরা।

আটক কিবরিয়া হোসেন উপজেলার চকশবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন জানান, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন মাদক ও চোরাকারবারি সঙ্গে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদকপাচারের মামলাও রয়েছে। সম্প্রতি তিনি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এমন একটি তথ্য পায় বিজিবি। এরপর থেকে বেশ কিছুদিন তার চলাফেরা নজরদারি করছিল বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম ধামইরহাট সীমান্ত সোনা চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ২৬৭ নাম্বর পিলার চকিলাম এলাকায় কিবরিয়াকে তল্লাশির জন্যে থামতে বললে কিবরিয়া পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা কিবরিয়াকে তাড়া করে আটক করেন।

 বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম

পরে তার শরীর তল্লাশি করে ছয়টি সোনা বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ছয়শ’ গ্রাম এবং বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা। এ ছাড়াও চোরাকারবারির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আটক ব্যক্তিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/আরএজে