জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি করলেন মার্কো রিউস। আগামী মৌসুমের শেষ পর্যন্ত বরুশিয়ার হয়ে খেলবেন জার্মানি জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা রিউস।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি সম্পাদন করেছেন দলটির অধিনায়ক রিউস। এ মৌসুম শেষেই ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।
বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নতুন করে চুক্তি নিয়ে রিউস বলেন, ‘যে ক্লাবের সঙ্গে আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছি সেই দলের জন্য সেরাটা দিতে বদ্ধপরিকর আমি। বিশ্বের সেরা সমর্থকদের সামনে এবং বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামে গোল করার চেয়ে ভালো অনুভূতি আর কোথাও নেই। এজন্যই চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি আনন্দিত। কারণ আমি সবসময় বলেছি, আমার ক্যারিয়ারে বিভিবি ছাড়া অন্য কোন ক্লাবে খেলতে চাই না।’
১১ বছর ধরে বরুশিয়া ডর্টমুন্ডের ছায়ার নীচেই আছেন রিউস। ডর্টমুন্ডের হয়ে এই ১১ বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৩টি ম্যাচ খেলে রিউস গোল করেছেন ১৬১টি। আর ১৬টি গোল করলেই ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মালিক হবেন তিনি।
রিউসের নেতৃত্বে এবারের বুন্দেসলিগায় ২৯ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

