নওগাঁর বদলগাছীতে দেশে প্রথমবারের মতো নিজ উদ্যোগে ২৪ ঘণ্টায় জরুরি সেবা চালু করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক। ছুটির দিন ও জরুরি সময় গৃহপালিত পশুদের চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে বিশেষ একটি টিম।
ডা. নাজমুল হক জানান, বাংলাদেশের প্রাণিসম্পদ একটি বড় ধরনের আর্থিক অংশীদার। কিন্তু এ সম্পদ জরুরি ভাবে রক্ষার জন্য নেই কোন সুব্যবস্থা। তাই এটি চালু করা হয়েছে। এখানে একটি টিম ওয়ার্কের মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া যে কোন সময় উপকারভোগী ছুটির দিনে অফিসের সামনে ঝুলানো মোবাইল নম্বরে ফোন দিলেই সেবা দানকারী উপস্থিত হয়ে যাবে।
এদিকে ছুটির দিনে বা জরুরি সময়ে গৃহপালিত প্রাণীর চিকিৎসা বিনামূল্যে পাওয়ায় কৃষক ও খামারীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এই দপ্তরে প্রাণিসম্পদের আলট্রাসনোগ্রাম, অপারেশন থিয়েটার ও সেড বিভিন্ন সহজ উপায়ে সুন্দর পরিবেশে প্রাণির চিকিৎসা সেবা নেওয়া যাচ্ছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায় ডা. নাজমুল হক নিজে উপস্থিত হয়ে জনসাধারণদের আনা গরু, ছাগল, ভেড়া চিকিৎসা প্রদান করছেন।
ছুটির দিনে সেবা নিতে আসা কদমগাছী গ্রামের আলেফ, সেরপুর গ্রামের মজিদ, কাদিবাড়ী গ্রামের মিনি আরা বলেন, ‘আমরা আগে কখনো ছুটির দিনে এ রকম সেবা পাইনি। আজ আমাদের গরু, ছাগল অসুস্থ; ভেবেছিলাম ডাক্তার পাওয়া যাবে না। এসে দেখছি জরুরি সেবা দেওয়ার জন্য বসে রয়েছেন তারা। এই সুব্যবস্থা বাংলাদেশের সবখানে চালু হলে গৃহপালিত কৃষকদের সুবিধা হবে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘বাংলাদেশের কোথাও এই ব্যবস্থা নেই। আমি নিজ উদ্যোগে চালু করেছি জনসাধারণের প্রাণিসম্পদ রক্ষার জন্য। এছাড়া আমরা প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবা সহজ ও সম্পদ রক্ষাই আমাদের দায়িত্ব। ২৪ ঘণ্টা সেবা দিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের টিম নিরলস কাজ করে যাচ্ছে।’
